Saturday, July 18, 2026
spot_img
Homeমুল পাতা‘পারলে মামদানির সঙ্গে অভিনয় করে দেখাও’

‘পারলে মামদানির সঙ্গে অভিনয় করে দেখাও’

প্রাইম ভিশন ডেস্ক »

চিত্রনায়ক জায়েদ খান অভিনীত নতুন শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এর দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’ প্ল্যাটফর্মে মুক্তি পাবে। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটি প্রবাসীদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত। এর প্রথম পর্ব চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল।

মামদানির সঙ্গে অভিনয় প্রসঙ্গে জায়েদ খান শনিবার সকালে আগামীর সময়কে বলেছেন, ‘এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। জোহরান মামদানি এমন একজন ব্যক্তি, যাকে বিশ্বের আনাচে-কানাচের মানুষ চেনেন। আমাকে নিয়ে ট্রল করো, (সমালোচকদের উদ্দেশে) যতই ট্রল করো, পারলে মামদানির সঙ্গে অভিনয় করে দেখাও।’

তিনি আরও বলেন, ‘ভারতের অনেকেই জোহরান মামদানির সঙ্গে অভিনয়ের চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তার কাছে অনেকে স্ক্রিপ্ট নিয়ে গেছেন, কিন্তু কাজ হয়নি। তিনি আগ্রহ বোধ করেননি। তবে কেন জানি জায়েদ খান নাম শুনে তিনি যাচাই করেছেন। আমার বিস্তারিত জেনে আগ্রহ বোধ করেছেন, এজন্যই তিনি অভিনয় করেছেন।’

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা নানা সময়ে ভিন্নধর্মী কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন। গত ঈদে ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন বিভিন্ন মহল থেকে। এবার সেই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে অভিনয় করলেন তিনি। একই সঙ্গে যুক্ত করলেন নিউ ইয়র্কের মেয়রকেও।

কীভাবে জোহরান মামদানি এই প্রজেক্টে যুক্ত হলেন, সে বিষয়ে জায়েদ খান বলেন, ‘এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক “ঠিকানা”-র রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের উদ্যোগে। তারা মেয়রের কাছে ইমেইলের মাধ্যমে প্রস্তাব পাঠান এবং আমার বিষয়ে বিস্তারিত জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। পরে মেয়রের অফিস থেকে তারিখ দেওয়া হয়। সেই সময় অনুযায়ী আমরা শুটিং করি।’

অভিনেতার ভাষ্য, ‘তার (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তিনি বিশ্বের একজন তারকা মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি। তবুও অভিনয়ের সময় তিনি পরিচালকের নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করেছেন। কাজটি করে মনে হয়েছে, তিনি অত্যন্ত খুশি হয়েছেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়