প্রাইম ভিশন ডেস্ক »
ভারত ও ভেনেজুয়েলা বৃহস্পতিবার জ্বালানি খাতে সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নিয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে বৈশ্বিক তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে, এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো। নয়াদিল্লি বলেছে, জ্বালানি খাতে ভারতকে ‘অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদার’ হিসেবে দেখছে কারাকাস।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একটি বড় মন্ত্রীদল নিয়ে ভারত সফর করছেন। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, দুই পক্ষের আলোচনায় জ্বালানি খাতের আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম প্রকল্পে সহযোগিতার বিষয় পেয়েছে গুরুত্ব।
ট্যান্ডন বললেন, ‘আমরা এমন একটি সরকারের সঙ্গে কাজ করছি, যারা বন্ধুত্বপূর্ণ এবং ভারতের সঙ্গে অংশীদারত্ব চায়। আমরাও সেই মনোভাবের প্রতিদান দিতে চাই। ভেনেজুয়েলা ঐতিহ্যগতভাবে আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আন্তর্জাতিক অঙ্গনেও আমরা ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করেছি। এখন আমরা শুধু স্বাভাবিক সম্পর্কের ধারায় ফিরছি।’
তিনি আরও জানান, ভেনেজুয়েলা জ্বালানি খাতে ভারতকে ‘অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদার’ হিসেবে দেখে। সফরের সময় রদ্রিগেজ ভারতের তেল শোধনাগার পরিদর্শন করবেন। তার সফর চলবে ৭ জুন পর্যন্ত।
রয়টার্স জানিয়েছে, ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে শীর্ষ জ্বালানি শিল্প নেতাদের সঙ্গেও বৈঠক করবেন রদ্রিগেজ।
মে মাসে ভেনেজুয়েলার তেলের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক ছিল ভারত। দেশটি প্রতিদিন ৪ লাখ ২৭ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ। সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে উঠে এসেছে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
কেপলারের তথ্য অনুযায়ী, মে মাসে ভারতের চতুর্থ বৃহত্তম তেল সরবরাহকারী দেশে পরিণত হওয়ার পথে রয়েছে ভেনেজুয়েলা।


