প্রাইম ভিশন ডেস্ক »
রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ মুক্তির পর বক্স অফিসে সাফল্য পেলেও সিনেমাটির কিছু দৃশ্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে জাহ্নবী কাপুরের চরিত্র ‘অচিয়াম্মা’-কে উপস্থাপনের ধরন নিয়ে আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ। সমালোচকদের অভিযোগ, কয়েকটি দৃশ্যে চরিত্রটির ব্যক্তিত্বের চেয়ে তার শারীরিক উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
চলমান বিতর্কের মধ্যে মুখ খুলেছেন সিনেমার পরিচালক বুচি বাবু সানা। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, সিনেমার কিছু দৃশ্য দর্শকদের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে।
পরিচালকের ভাষ্য, ‘অনেকে জাহ্নবীর চরিত্রের গুরুত্বকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। গল্পের ন্যারেটিভে অচিয়াম্মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কিছু দৃশ্যের উপস্থাপনায় ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়েছিল।’
তিনি জানান, ছবির কেন্দ্রীয় চরিত্র পেড্ডির মানসিক বিকাশ ও জীবনযাত্রার পরিবর্তন তুলে ধরতে অচিয়াম্মা চরিত্রটি গুরুত্বপূর্ণ ছিল। তবে কিছু শট এমনভাবে নির্মিত হয়েছিল, যা দর্শকদের একাংশের কাছে আপত্তিকর বা বিভ্রান্তিকর মনে হতে পারে।
পরিচালক বলেন, বিষয়টি উপলব্ধি করার পর সংশ্লিষ্ট দৃশ্যগুলো ছবি থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেই পরিবর্তন কার্যকরও করা হয়েছে।
বিতর্কের কেন্দ্রে ছিল জাহ্নবী কাপুরের প্রথম উপস্থিতির একটি দৃশ্য, যেখানে ক্যামেরার ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি একটি দৃশ্যে পেড্ডি চরিত্রকে অচিয়াম্মার সম্মতি ছাড়া চুম্বন করতে দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক দর্শক ও নারী অধিকারকর্মী দৃশ্যটিকে নারীর প্রতি অসম্মানজনক বলে মন্তব্য করেন।
সমালোচনা তীব্র হলে নির্মাতারা বিতর্কিত দৃশ্যগুলো বাদ দেওয়ার ঘোষণা দেন। পরে পরিচালক প্রকাশ্যেই দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৪ জুন মুক্তি পাওয়া পেড্ডি-তে রাম চরণ ও জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন শিব রাজকুমার, জগপতি বাবু, বোমান ইরানি এবং উপেন্দ্র লিমায়ে। বিতর্ক সত্ত্বেও ছবিটি দেশ-বিদেশে বক্স অফিসে ভালো সাড়া পাচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে


