প্রাইম ভিশন ডেস্ক »
বোয়ালখালীতে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মোহাম্মদ মোক্তিয়ার (৪০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীলের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে ওইদিন শিক্ষক মোক্তিয়ারের বিরুদ্ধে শিশু আইন ২০১৩-এর ৭০ ধারার অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন শিক্ষার্থীর বাবা মো. ফরিদুল আলম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল রানা বাংলানিউজকে বলেন, মামলার তদন্তভার গ্রহণ করে অভিযুক্ত শিক্ষক মোক্তিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মোক্তিয়ার নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার খাজা রোডের বোচন মিস্ত্রির বাড়ির মো. বখতিয়ারের ছেলে। তিনি কধুরখীলের আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের হিসাব রক্ষক ও শিক্ষক।
মামলার বাদী নগরীর হালিশহর থানার উত্তর আগ্রাবাদ রঙ্গিপাড়ার রমনা আবাসিকের বাসিন্দা মো. ফরিদুল আলম। তার ছেলে হাফেজ আবদুল্লাহ আল তাওসিফ (১৪) আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের শিক্ষার্থী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই সকাল ৬টার দিকে শিক্ষক মোক্তিয়ার এক সপ্তাহ আগে অবসরে খেলাধুলার অজুহাতে তাওসিফকে গালিগালাজ করে। এর একপর্যায়ে বেত্রাঘাত, কিল, ঘুষি মেরে তাওসিফকে আহত করে। আহত অবস্থায় তাওসিফকে বিনা চিকিৎসায় রুমে সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দী করে রাখা হয়। ওইদিন আসরের নামাজের সময় সুযোগ পেয়ে বাড়িতে চলে আসে তাওসিফ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
থানায় এজাহার দায়েরের আগে ঘটনার পরদিন গত ৯ জুলাই বোয়ালখালী থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন বলেও জানিয়েছেন মামলার বাদী ফরিদুল আলম।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, শিক্ষার্থীকে বেশিমাত্রায় মারধর করায় এই শিক্ষককের বিরুদ্ধে মামলা হয়েছে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের পর আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হয়েছে


