প্রাইম ভিশন ডেস্ক
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক তথা সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে চিঠি পাঠিয়ে নানারকমহুমকি দেওয়া হলেও সর্বশেষ দুটি চিঠিতে সরাসরি তাদের হত্যার হুমকি দেওয়া হয়। এর পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গতাকাল সোমবার সৌরভ গাঙ্গুলীর কার্যালয়ে পরপর দুটি হুমকি চিঠি আসে। এরপরই দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন সৌরভ। অভিযোগে বলা হয়, গত প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে বিভিন্ন চিঠি আসছিল। শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। তবে সোমবার আসা দুটি চিঠিতে সৌরভ ও তার স্ত্রী ডোনাকে স্পষ্টভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাদের ঘনিষ্টজনদেরও ক্ষতি করার কথা বলা হয়।
ঘটনাটি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। চিঠির বিষয়বস্তু, উৎস এবং কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখে প্রেরককে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া এলাকা থেকে কোনো এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠিগুলো পাঠাতে পারেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, হুমকি চিঠির সম্ভাব্য প্রেরক কর্তৃক ব্যবহৃত হতে পারে এমন একটি সিম কার্ডের গতিবিধিও নজরে রাখছেন তদন্তকারীরা। কুরিয়ার এজেন্সির সাথে যোগাযোগ করে কনসাইনমেন্ট বা পার্সেলের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব চিঠি একই ব্যক্তি পাঠাচ্ছেন কিনা এবং এর পেছনে ঠিক কী উদ্দেশ্য রয়েছে, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।


