প্রাইম ভিশন ডেস্ক »
মধ্য জানুয়ারির মধ্যে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ব্যালট পদ্ধতি অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। আজ রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি রাশেদা বলেন, ‘ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে করতে প্রস্তুতি নিতে হবে। ইভিএমের নতুন প্রকল্প সঠিক সময়ে হলে ভালো। তবে সেটি না হলে যা আছে তা নিয়েই নির্বাচন করা হবে।’
তিনি বলেন, ‘মধ্য জানুয়ারির মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্প পাশ না হলে ১৫০ আসনে এই যন্ত্র ব্যবহার করা যাবে না। ইভিএম প্রকল্প খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এটা আসলে খুব বেশি এগোয়নি। প্রকল্পের অর্থ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব বলে আমরা বলেছিলাম।’
এক প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘এসব বিষয়ে নীতি নির্ধারকদের (মন্ত্রণালয়/সরকার) সঙ্গে কথা হয়নি। এটার রীতিও নেই। ইসি হয়তো সচিবালয়ের সঙ্গে কথা বলবে। আমাদের সক্ষমতা যা আছে তাই করব। আমার জানা মতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার মতো আমাদের সক্ষমতা আছে। বর্তমানে কী অবস্থায় আছে জানি না।’
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিনি আরও বলেন, ‘১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে সরকারের কাছে আট হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার নতুন একটি প্রকল্প প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব এখনো পাস হয়নি।’
গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আরপিও বিল আকারে রেডি করছে। সবকিছু যাচাই-বাছাই করে আমাদের কাছে পাঠাবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।’


