প্রাইম ভিশন ডেস্ক »
রাষ্ট্রপতি দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ নির্বাচনের সকল প্রস্তুতি কথা রাষ্ট্রপতিকে জানিয়েছি। তিনি সব শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন আমরা কমিশনে বসে চূড়ান্ত তালিকা ঠিক করে তফসিল ঘোষণা করব এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে।
বৃহস্পতিবার ( ৮ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সিইসি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সামনে রেখে এদিন দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ কবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, আনিছুর রহমান, রাশেদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান এবং নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম।
গত ৫ নভেম্বর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) নির্ধারণ করে রাষ্ট্রপতির দপ্তর। এ বৈঠকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন তারিখের সম্মতি নিয়ে আসে ইসি।
সংবিধান অনুযায়ী সংসদের ৫ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।


