Homeসংবাদঅবকাঠামো খাতে রাশিয়ার সক্রিয় অংশগ্রহণ চায় বাংলাদেশ

অবকাঠামো খাতে রাশিয়ার সক্রিয় অংশগ্রহণ চায় বাংলাদেশ

প্রাইম ভিশন ডেস্ক »

রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাশিয়ার ইভানোভো অঞ্চল সফর করেন। সফরকালে তিনি এ অঞ্চলের গভর্নর ভসক্রিসেন্সকি স্তানিস্লাভ সার্গেইভিচের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আলোচনায় রাষ্ট্রদূত কামরুল আহসান গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে সে সম্পর্কে গভর্নরকে অবহিত করেন। তিনি দুই দেশের মধ্যেকার বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধিকল্পে পারস্পরিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর গুরুত্বারোপ করেন। রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণখাতে রাশিয়ার আরও সক্রিয় অংশগ্রহণ আশা করেন।

ইভানোভো শহরটি রাশিয়ার পোশাক শিল্পের জন্য বিখ্যাত। এই শহরে অনেক পোশাক তৈরির কারখানা রয়েছে। পোষাক কারখানাগুলোতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ ও সহযোগিতার জন্য রাষ্ট্রদূত গভর্নর সার্গেইভিচকে অনুরোধ জানান রাষ্ট্রদূত। দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার বিষয় এ সময় গুরুত্ব সহকারে আলোচিত হয়।

গভর্ণর ভসক্রিসেন্সকি স্তানিস্লাভ সার্গেইভিচ দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করাসহ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মহলে কথা বলবেন বলে রাষ্ট্রদূত কামরুল আহসানকে জানান। তাছাড়া বাংলাদেশের সঙ্গে ইভানোভো অঞ্চলের বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস দেন।

এ সফরে রাষ্ট্রদূত স্থানীয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট লিওনিদ ইভানভ ও চেম্বারের অন্যান্য সদস্যদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ইভানোভো অঞ্চলের সঙ্গে কীভাবে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি করতে রাষ্ট্রদূত এই অঞ্চলের ব্যবসায়ীদের বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিজেদের পণ্য প্রদর্শণের জন্য আমন্ত্রণ জানান। এতে রাশিয়ান পণ্য সম্পর্কে বাংলাদেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভালো ধারণা পেতে পারে।

পাশাপাশি বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাসের সহযোগিতায় শুধুমাত্র রাশিয়ার বিভিন্ন পণ্য নিয়ে বৃহৎ পরিসরে ঢাকায় পৃথক মেলা বা প্রদর্শণীর আয়েজন করা যেতে পারে বলে রাষ্ট্রদূত মতামত দেন। শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক বদ্ধিকল্পে ইভানোভো স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটিতে রাষ্ট্রদূত কামরুল আহসানের সাথে এই অঞ্চলের একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো: মাজেদুর রহমান সরকার এবং ইভানোভোর আঞ্চলিক সরকারের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন, শ্রম বিষয়ক পরিচালকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়