প্রাইম ভিশন ডেস্ক »
পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৯ জুন) রাতে রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ড. হাছান মাহমুদ বলেন, নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
তিনি জানান, ভারতের রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদির নতুন সরকারের সঙ্গে কাজ করার আন্তরিক আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে । নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ রয়েছে।
রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সারা বিশ্ব থেকে আগত প্রায় ৮ হাজার অতিথির সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীকন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ।
সোমবার বিকালে প্রধানমন্ত্রীর দিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


