প্রাইম ভিশন ডেস্ক »
চিকিৎসককে মারধরের প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ চলবে বলে ঘোষণা দিয়েছেন দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা।
আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ সংবাদমাধ্যমকে এই কর্মবিরতির কথা জানান।
তিনি বলেন, দেশের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতাল, চেম্বার ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন চলবে। এই সময়ে কোনো সেবা দেওয়া হবে না।
এর আগে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।
আজ সকাল থেকে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন বলে জানান চিকিৎসকরা।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া আজ বেলা ১২টার দিকে টিবিএসকে জানান, সকাল থেকে জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগের সেবা বন্ধ রয়েছে। এতে জরুরি সেবা নিতে আসা রোগীরাসহ সব রোগীরাই চরম বিপাকে পড়েছে বলে জানান তিনি।


