প্রাইম ভিশন ডেস্ক »
এক ওভারে ৪৮ রান, অবিশ্বাস্য! স্বীকৃত ক্রিকেটে এমন নজির এর আগে কখনোই দেখা যায়নি। এক ওভারে ৬টি ছক্কা মারলেও ৩৬ রানের বেশি হওয়ার কথা নয়। সেখানে কিভাবে এক ওভারে ৪৮ রান হয়, সেটি নিয়েই সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা।
অবশ্য শিরোনাম দেখে অবিশ্বাস্য মনে হলেও এমনটি ঘটেছে আফগানিস্তানের ঘরোয়া লিগে। কাবুল প্রিমিয়ার লিগে অ্যাবাসিন ডিফেন্ডারের মুখোমুখি হয় শাহিন হান্টার্স। যেখানে এক ওভারেই ৭ ছয়ে ৪৮ রান নিয়েছেন শাহিন হান্টার্সের ব্যাটার সাদিকউল্লাহ আতাল।
ম্যাচের ১৮তম ওভারে তখন বড় রানের জন্য লড়াই করছিল শাহিন হান্টার্স। সেই সময়ে বল করতে আসেন আমির জাজাই।
১৯তম ওভারের প্রথম বলটি নো করে বসেন আমির। তবে সেই নো বলেই ছক্কা হাঁকান আতাল। তবে এটা তো সবে শুরু ছিল। এরপরের ফ্রি হিটে বড় ওয়াইড করে বসেন আমির। যা উইকেটরক্ষকও ধরতে পারেননি। ফলে এটি থেকে পাঁচটি রান পেয়ে যায় শাহিন হান্টার্স। তখনও ওভারের ছয়টি বল বাকি রয়েছে। আর ছয়টি বলে ছয়টি ছক্কা হাঁকান সাদিকউল্লাহ।
কাবুল প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি একটি অনন্য নজিড়। এর আগে কখনো এমনটা কেউ করেছে কিনা তা কারোরই জানা নেই। তবে শুধু কাবুল প্রিমিয়ার লিগ কেন, অন্য কোনো ক্রিকেটের মঞ্চে এমনটা হয়েছে কিনা তা ইতিহাসের বই দেখে বলতে হবে।
এদিন এক ওভারে ৪৮ রান দেওয়ার পরে হতাশায় ডুবে যান অ্যাবাসিন ডিফেন্ডারের বোলার আমির জাজাই। কারণ তার এই ওভার থেকেই যে ম্যাচের রঙ বদলে যায়। স্কোর বোর্ডে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে শাহিন হান্টার্স।
জবাবে ব্যাটিং করতে নেমে ১২১ রানেই গুটিয়ে যায় অ্যাবাসিন ডিফেন্ডার। ফলে ৯২ রানে ম্যাচ হারতে হয় তাদের।


