প্রাইম ভিশন ডেস্ক »
ভারতের বিপক্ষে এশিয়া কাপের মঞ্চে আগের দেখায় বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেসব ভুলে বিশ্বকাপে দারুণ কিছু করার ইঙ্গিতই দিচ্ছিলেন বাবর-রিজওয়ানরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রোহিত শর্মাদের বিপক্ষে শুরুর সেই সুখ সইলো না পাকিস্তানের।
বাবর-রিজওয়ান ফিরতেই হুড়মুড়িয়ে ধসে পড়ে পাকিস্তানের পুরো ব্যাটিং লাইন-আপ। ১৯১ রান করা পাকিস্তান ম্যাচে কোনো পাত্তা পায়নি, ভারত জিতেছে অনায়াসে। পরবর্তীতে পাক অধিনায়ক বাবর আজমকে একটি জার্সি উপহার দিয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
ভারত-পাকিস্তানের রাজনীতি কিংবা ক্রিকেট ম্যাচ নিয়ে তুমুল উন্মাদনা-উত্তেজনা থাকলেও মাঠের বাইরে বরাবরই বাবর-কোহলিদের উষ্ণ সম্পর্কের দেখা মিলেছে। গতকাল আহমেদাবাদে ম্যাচ শেষেও দেখা গেল একই চিত্র। কোহলি প্রথমে শাদাব খান ও বাবরের সঙ্গে কথা বলছিলেন।
এরপর বাবরের সঙ্গে কথা বলার এক ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন ভারতীয় তারকা। সেটি তিনি পাক অধিনায়ককে উপহার দেন। বাবরকেও হাসি মুখে সেই জার্সি নিতে দেখা যায়। কিন্তু বিষয়টি মোটেও ভালোভাবে নেননি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
মূলত এমন লজ্জাজনক হারের পর কোহলি-বাবরের এমন প্রকাশ্য-সাক্ষাৎ উচিৎ নয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন আকরাম, ‘মাঠে কোহলির সঙ্গে বাবরের সাক্ষাৎ করাটা ঠিক হয়নি। প্রকাশ্যে দুজনের এভাবে কথা বলার মতো পরিস্থিতি নয় এটা। কোহলি থেকে গোপনে বাবর জার্সি নিতে পারতো।’
বিশ্বকাপের শুরুর দুই ম্যাচে ভালোভাবেই জিতেছিল পাকিস্তান। কিন্তু দুই ইনিংসেই সেভাবে রান পাননি অধিনায়ক বাবর। ভারতের কাছে হারলেও ব্যাট হাতে তিনি রান পেয়েছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫০ রান করেন বাবর। তারপরই মোহাম্মদ সিরাজের বল বুঝতে না পেরে তাকে বোল্ড হয়ে ফিরতে হয়।
অন্যদিকে দল জিতলেও ব্যাট হাতে রান পাননি কোহলি। পাকিস্তানের বিপক্ষে আগের সাক্ষাতে দারুণ সব ইনিংস থাকলেও এদিন বড় কিছু করতে পারেননি ভারতীয় তারকা। আউট হয়েছেন মাত্র ১৬ রানে। তাতে অবশ্য স্বাগতিকদের ম্যাচ জিততে সমস্যা হয়নি।


