Homeখেলাধুলা'ম্যাথুসকে আউট ঘোষণা করার সিদ্ধান্ত সঠিক'- এমসিসি

‘ম্যাথুসকে আউট ঘোষণা করার সিদ্ধান্ত সঠিক’- এমসিসি

প্রাইম ভিশন ডেস্ক »

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে বিতর্কের শেষ যেন হচ্ছেই না। ক্রিকেটীয় চেতনা বিরোধী কাজ হয়েছে কিনা সেটির আলোচনাই চায়ের কাপে ঝড় তোলার জন্য যথেষ্ট। আবার অনেকের দাবি, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান যা করেছেন তা নিয়মের মধ্যে থেকেই। সুতরাং এখানে চেতনা বিরোধী কাজ হয়েছে বলে মনে করার কিছু নেই।

এই ঘটনার পাঁচদিন পর নিজেদের মতামত জানিয়েছে মেরিলবোন ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি। মূলত এই এমসিসিই ক্রিকেটের সব ধরনের নিয়মকানুন প্রবর্তন করেছে। এমসিসি মনে করে, ম্যাথুসকে ‘টাইমড আউট’ ঘোষণা করে আম্পায়াররা ঠিক কাজই করেছেন।

বিশ্বকাপের জন্য আইসিসি যেসব নিয়ম করেছে তার মধ্যে ‘টাইমড আউট’র বিষয়টিও রয়েছে। সেই নিয়মে বলা হয়েছে, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যানকে অবশ্যই পরবর্তী দুই মিনিটের মধ্যে ক্রিজে এসে তার প্রথম বল মোকাবেলা করতে হবে, যদি তিনি স্ট্রাইকিং প্রান্তে থাকেন। কিন্তু ম্যাথুস সেটি করতে ব্যর্থ হয়েছেন।

এরপরই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ‘টাইমড আউট’র আবেদন করেন। যা আম্পায়াররা পর্যালোচনা করে ম্যাথুসকে আউট ঘোষণা করেন। ক্ষুব্ধ ম্যাথুস পরবর্তীতে ভিডিও প্রমাণ হাজি করেন, যেখানে তিনি দাবি করেন, আরো পাঁচ সেকেন্ড বাকি থাকতে তিনি ক্রিজে পৌঁছেছেন।

কিন্তু এমসিসির দাবি ভিন্ন। তারা এক বিবৃতিতে বলেছে, ‘৪০.১.১ ধারা অনুযায়ী, একজন নতুন ব্যাটসম্যানকে অবশ্যই দুই মিনিটের মধ্যে তার প্রথম বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র ক্রিজে পৌঁছালেই হবে না, বল খেলার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সেখানে ম্যাথুস ব্যর্থ হয়েছেন, তাই আম্পায়ারদের দেওয়া আউটের সিদ্ধান্ত সঠিক।’

যদিও এই আউট দেওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। এখনও বিতর্ক চলমান। তবে এই ঘটনার পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই যে অন্য এক মাত্রা পেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়