প্রাইম ভিশন ডেস্ক »
ফের বাংলা টাইগার্সের হেড কোচ হলেন আফতাব আহমেদ। আজ মঙ্গলবার টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
ফেসবুক পেজে দলটি লিখে, ‘হার্ডহিটার ব্যাটসম্যান থেকে হার্ড হিটারদের ট্রেনিংদাতা। তিনি আমাদের সঙ্গে আগেও ছিলেন, আমাদের সঙ্গে আবার থাকবেন। আফতাব আহমেদকে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ মৌসুমে হেড কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’
আফতাব এর আগে ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল দলটি। এছাড়া বাংলাদেশের ঘরোয়া লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ ও চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
উচ্ছ্বসিত আফতাব দলটির ওয়েবসাইটকে বলেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিল, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
এদিকে বাংলা টাইগার্সের টিম মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ নাজমুল আবেদিন ফাহিম।


