প্রাইম ভিশন ডেস্ক »
ব্যারিস্টার শাকিলা ফারজানার সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় হাটহাজারীর সাবেক সংসদ সদস্য ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের বাসায় ব্যারিস্টার শাকিলা ফারজানার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ব্যারিস্টার শাকিলা ফারজানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মীর হেলাল ও শাকিলা ফারজানা উভয়ে হাটহাজারীর উন্নয়ন ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
দুই বিএনপি নেতার এ বৈঠকে সংসদীয় আসনের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মীর হেলাল বলেন, দীর্ঘদিন ধরে হাটহাজারী অবহেলিত। হাটহাজারীর মানুষ বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি নির্বাচন থেকে দূরে থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এবার সুযোগ এসেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে হাটহাজারীবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটানোর।
উন্নয়নের সুফল ঘরে তুলতে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বড় দল হিসেবে অনেকেই মনোনয়ন চেয়েছেন। এর মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানাও রয়েছেন। তিনি দলের বৃহত্তর স্বার্থে আমাকে সুযোগ করে দিয়েছেন।
এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
এ সময় বিএনপি নেতা নূর মোহাম্মদ, জাকির হোসেন, গিয়াস চেয়ারম্যান, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, শুক্কুর, আবুল হোসেন চেয়ারম্যান, গাজী ইউসুফ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ইউসুফ, নিজাম উদ্দিন হাকিম, ইছা সুফি, তকিবুল হাসান তকি প্রমুখ উপস্থিত ছিলেন।


