প্রাইম ভিশন ডেস্ক »
পুলিশকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের কোনো স্থানে কেউ কোনো ধরনের গন্ডগোল করলে তাদের ধরেন।
সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সংখ্যালঘুদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আমি এটুকু বলব, যারাই গন্ডগোল করবে, তাদের ধরেন। তারপর আমরা দেখবে কে দোষী আর কে দোষী না।
বিভিন্ন স্থানে স্কুল দখল হচ্ছে বিষয়টি জানালে তিনি আরও বলেন, জিডি না করে মুখের কথায় ব্যবস্থা নয়। জিডি করেন। আমিও দেখতে চাই কত তড়িৎ গতিতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পুলিশ কাজ না করলে তখন বলবেন জিডি নেয়নি।
ধর্ম মন্ত্রণালয় সংখ্যালঘুদের ডেকেছে বিষয়টি নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমার কাছে তথ্য নেই। এটা ধর্ম মন্ত্রণালয় দেখবে। আমি শুধু নিরাপত্তার বিষয়টি দেখব। ডিসিদের যা বলার আমরা বলব। ধর্ম মন্ত্রণালয়ের কাজ নিরাপত্তা দেওয়া নয়।
জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটা কি আমি দিয়েছি। এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আমার পরিষ্কার মনে আছে। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, যারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলা করছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।


