প্রাইম ভিশন ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বুধবার বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে কেকেআর।
সাইডবেঞ্চে বসেই দলের এই জয় উপভোগ করেন বাংলাদেশের লিটন দাস। আরও কিছুদিন দলের সঙ্গে থাকার কথা ছিল তার। কিন্তু শুক্রবার জরুরি পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে কলকাতা।
এক ম্যাচ খেলেই দেশ ফিরতে হলো লিটনকে। অথচ তাকে নিয়ে কলকাতার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দলের প্রতিটি বিজ্ঞাপনে, সোশ্যাল মিডিয়ায় চলছিল তার বন্দনা। কিন্তু অভিষেক ম্যাচে সমর্থকদের আশাহত করেন তিনি। ব্যাট হাতে মাত্র ৪ রান করার পর সুযোগ ছিল উইকেটের পেছনে নিজের কারিশমা দেখানোর। কিন্তু তিনি করেছেন ঠিক তার উল্টো। একটি ক্যাচ ছাড়ার পাশাপাশি দুটি সহজ স্ট্যাম্পিংও মিস করেন।
এক ম্যাচ খেলেই দেশে ফিরেছেন তিনি। এখন ইংল্যান্ডে উড়াল দেবার পালা। একই সঙ্গে উড়াল দেবেন মুস্তাফিজুর রহমানও। তিনিও এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পান।
এবার বাংলাদেশের সর্বোচ্চ তিনজন ডাক পেয়েছিলেন আইপিএলে। সাকিবের পর আইপিএল থেকে বিদায় নিলেন লিটন। আর ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজের জন্য আইপিএল থেকে ফিরে আসবে মুস্তাফিজও। ফলে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছে রং হারিয়েছে আইপিএল।


