প্রাইম ভিশন ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের। তিন ফরম্যাটেই ভুগছেন রান খড়ায়। তবে সবচেয়ে অবস্থা বেগতিক ওয়ানডেতে। এক বছরের বেশি সময় ধরে ধুঁকছেন তিনি। সবশেষ ৫ ওয়ানডের ৩টিতে রানের খাতা খুলতে পারেননি। শেষ ৭ ওয়ানডে ইনিংসেও যেতে পারেননি দুই অঙ্কে। সবশেষ ওয়ানডে হাফসেঞ্চুরি করেছেন ২০২৩ বিশ্বকাপে; সেঞ্চুরিও পেয়েছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে। যার চড়া মূল্য দিতে হয় তাকে, বাদ পড়েন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে।
টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার বাদ পড়ায় খারাপ লেগেছে ঢাকা ক্যাপিটালস ও জাতীয় দলের তার সতীর্থ তানজিদ তামিমের। তবে বাস্তবতা মেনে নিয়ে তানজিদ বলেন,’ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব যে, তাড়াতাড়ি.. উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন আপনারা দেখেছেন যে উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।’
‘আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। তো ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা… তো কি বলব আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো…উনার সব শটগুলো।’
বিপিএলের এগারতম আসরে ঘটা করে তারকা ক্রিকেটার নিয়ে ছিলো ঢাকা ক্যাপিটাল। তবে মাঠের খেলায় তাদের কোনও উন্নতির ছোয়া মেলেনি। আসরের শুরুর ছয় ম্যাচ হারের পর তামিম-লিটনের বিপিএলের ইতিহাসে রেকর্ড তোলপাড় করা জুটিতে প্রথম জয়ের দেখা পায়। দলের এমন অবস্থায়ও হাল ছাড়ছেন না তানজিদ তামিম। প্লে-অফে খেলতে চান এই তরুণ ব্যাটার।
তিনি বলেন, ‘আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের মধ্যে আমাদের সব জিততে হবে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য সবগুলো। চেষ্টা থাকবে যে পাঁচটা ম্যাচ আছে টুর্নামেন্টে সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। কালকে যে খেলা আছে আমরা শুধু এটায় ফোকাস করতে চাই। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সাকসেস হতে পারি তাহলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব।’


