প্রাইম ভিশন ডেস্ক »
গত কয়েক বছর বিনোদন পাড়ায় সিনেমার পাশাপাশি নাটকেও আগ্রহ ছিল দর্শকের। তুলনামূলক আগের তুলনায় নাটকের সংখ্যা কমলেও কিছু ভালো গল্প ও পারিবারিক নাটক দেখছেন দর্শক। গত রোজার ঈদেও বেশ কয়েকটি পারিবারিক গল্পের নাটক দর্শকসাড়া পেয়েছে।
এবার ঈদুল আজহার নাটকেও তার ব্যতিক্রম হয়নি। দর্শক গত ঈদুল ফিতরে পারিবারিক গল্পের নাটক পছন্দ করায় এবারো এ ধারার গল্পের নাটক নিয়ে এসেছেন নির্মাতারা। এর বাইরে বরাবরের মতো কমেডি ও রোমান্টিক নাটক নিয়েই দর্শকের বেশি আগ্রহ দেখা গেছে। গত কোরবানির ঈদে আলোচনায় ছিল যেসব নাটক ও যেমন ছিল নাটকের গল্প—
রোমান্টিক ঘরানার নাটক ‘আশিকি’। এবারের ঈদে মুক্তি পাওয়া নাটকের মধ্যে এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে। গল্পে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। ঈদের আগেই টিজার ঘিরে আলোচনায় আসে নাটকটি। এ নাটক নিয়ে ট্রলের শিকার হয়েছিলেন জোভান। রোমান্টিক এ নাটক একদিনে ৬০ লাখের বেশি ভিউয়ের নতুন রেকর্ড গড়ে। বাংলা নাটকে একদিনে এত ভিউ আগে হয়নি। নাটকে একদিনের ভিউয়ের রেকর্ড ভেঙেছে আশিকি। নাটকটির বর্তমান ভিউ ১ কোটি ৪০ লাখের বেশি। রোমান্টিক গল্পের নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।
নাটকের গল্পে সহজ-সরল এক ছেলে আশিক। হঠাৎ সে একদিন ক্যাম্পাসে জেসিয়া নামের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব করে। দেখতে একটু অন্য রকম হওয়ায় ধনীর দুলালি মেয়েটি সবার সামনে তাকে অপমান করে। এ অপমানই বদলে দেয় তরুণের জীবন। সে একসময় রকস্টার হয়ে যায়। পরে জেসিয়া নামক মেয়েটি আবার আশিকের প্রেমে পড়ে, এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প। শেষে বিষাদের জন্ম দেয় নাটকটিতে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পারিবারিক গল্প নির্মাণের খ্যাতি রয়েছে বেশ। গত রোজার ঈদে পারিবারিক গল্প দিয়ে আলোচনায় আসেন এ নির্মাতা। এবার পারিবারিক গল্পের নাটক ‘ক্ষতিপূরণ’ নিয়ে ফিরলেন তিনি। এ নাটকও রয়েছে ট্রেন্ডিংয়ের দুই নম্বরে। একটি পত্রিকা অফিসে শিরিন নামের নতুন একটি মেয়ে যোগ দেয়ার পর নানা ঘটনায় এগিয়ে চলে গল্প। শিরিন অফিসে তানভীর নামের এক তরুণের প্রেমে পড়ে, যে ব্যস্ততা আর অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবন ও পরিবার থেকে দূরে সরে যায়। তানভীর ও শিরিন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। আরো রয়েছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ।
নিলয় আলমগীর ও সুমনা ইয়াসমিন অভিনীত নাটক ‘হরবোলা’। এ নাটকও বেশ সাড়া ফেলেছে। নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। লাঠিখেলা দিয়ে নাটকটি শুরু। তবে গল্পটি শেষ পর্যন্ত থ্রিলার হয়ে যায়। এমন গল্পের নাটকে খুব কমই নিলয় আলমগীরকে দেখা গেছে। কমেডির বাইরে নাটকটি দর্শক পছন্দ করেছেন। প্রচারের দুদিন পরই এটি ট্রেন্ডিংয়ে চলে আসে। ট্রেন্ডিংয়ে রয়েছে তিন নম্বরে। নাটকের গল্পে দেখা যায়, পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসকের পরামর্শে শহর থেকে বাবার সঙ্গে গ্রামে আসে রিয়ানা। তাকে নিয়ে ঘুরে বেড়ানোর দায়িত্ব পড়ে গ্রামের তরুণ আকবরের ওপর, যে আবার বিভিন্ন জনের ভাষা নকল করতে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে আকবরকে দিয়ে রিয়ানা তার বাবার অর্থ হাতিয়ে নেয়। এরপর রয়েছে গল্পের চমক।
বরাবরই বাংলা নাটকপ্রিয় দর্শকের জন্য অভিনেতা অপূর্ব প্রিয় মুখ। গত কয়েক বছর অপূর্বর নাটক মানেই ট্রেন্ডিং। তার অভিনীত এমনি একটি নাটক ‘ঘ্রাণ’। এ নাটকও মু্ক্তির পর বেশ সাড়া ফেলেছে। নাটকে আকাশ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি এবার ট্রেন্ডিংয়ে রয়েছে চার নম্বরে। নাটকে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, শেলী আহসান, রোজী সিদ্দিকী, নাজনীন নীহা প্রমুখ। ইমদাদ বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম।
নাটকের গল্পে মায়ের জন্য শাড়ি কিনতে দোকানে যান আকাশ। কিন্তু কেমন শাড়ি কিনবেন, বুঝে উঠতে পারেন না। শপিং করতে থাকা এক নারীর পিছু নেন তিনি। পরে তার সহায়তায় মায়ের জন্য শাড়ি কেনেন। এ শাড়ি ঘিরেই নাটকের গল্প।
বাংলা নাটকে দর্শকপ্রিয় যত জুটি এসেছে, তার মধ্যে নিলয়-হিমি জুটি অন্যতম। এরই মধ্যে এ জুটির শতাধিক নাটকের ভিউ কোটি পার করেছে। এবার ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন এ জুটি। এর মধ্যে ট্রেন্ডিংয়ে তিন নম্বরে রয়েছে ‘কোটি টাকার চেয়ারম্যান’। নির্বাচন ঘিরে নাটকের গল্প। এটি পরিচালনা করেছেন মিতুল খান।
রোমান্টিক হিরো হিসেবে অপূর্ব অসংখ্য নাটকে কাজ করেছেন। দর্শকও রোমান্টিক হিরো হিসেবে তার অভিনয় সবচেয়ে বেশি পছন্দ করেন। কাজ করেছেন জনপ্রিয় সব অভিনেত্রীর সঙ্গে। অভিনেত্রী তাসনিয়া ফারিণের সঙ্গে ‘প্রিয় প্রজাপতি’ নাটকটিও এমনই একটি রোমান্টিক নাটক। অপূর্ব ও তাসনিয়া ফারিণকে খুব বেশি নাটকের জুটি হিসেবে দেখা না গেলেও এ জুটির সবক’টি নাটকই দর্শকসাড়া পেয়েছে। প্রিয় প্রজাপতি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটি ট্রেন্ডিংয়ে পাঁচ নম্বরে রয়েছে।


