শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img
Homeমুল পাতারেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

প্রাইম ভিশন ডেস্ক »

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাহাগোলা এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

নিহত নেয়ামুলের বাড়ি নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র এলাকায়। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন।

নেয়ামুলের ছোট ভাই মিজানুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নেয়ামুলের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল তার। আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি অটোরিকশাযোগে নওগাঁ শহরে ফিরছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে বলে অভিযোগ করেন মিজানুর।

আত্রাই থানার ওসি মাহবুব আলম জানালেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নেয়ামুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরনে ছিল সাদা জোব্বা-পাজামা। মরদেহের পাশেই পড়েছিল তার ব্যবহৃত ব্যাগ। হাতে ঘড়ি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগে কিছু টাকা ছিল।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন ওসি মাহবুব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়