প্রাইম ভিশন ডেস্ক »
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচণ্ড বাতাস ও পানি উচ্চতা বাড়ছে। ঘূর্ণিঝড় সিত্রাং থেকে রক্ষা পেতে চট্টগ্রামের বঙ্গোপসাগর উপকূলবর্তী উপজেলাগুলোর আশ্রয়কেন্দ্রে প্রায় ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
জানা গেছে, বাংলাদেশ উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় সিত্রাং। এরই মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৫১১টি আশ্রয় কেন্দ্র ছাড়াও ১ হাজার ১৪০টি বিদ্যালয় ও ৯টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে ২০ হাজার উপকূলীয় এলাকার বাসিন্দা আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বাঁশখালীর আশ্রয় কেন্দ্র ৩ হাজার, আনোয়ারায় ২ হাজার,
সন্দ্বীপে ৭ হাজার, সীতাকুণ্ডে ৩ হাজার, মীরসরাইয়ে ২ হাজার ৫০০, সিটি করপোরেশন এলাকার পতেঙ্গা ও কাট্টলী মৎস্যজীবী পল্লীতে ২ হাজার ৫০০ জন আশ্রয় নিয়েছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে পুরোপুরি প্রস্তুত রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সরকারি সব দফতরকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় অতীতের মতো মানুষের জান ও মাল রক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা।


