প্রাইম ভিশন ডেস্ক »
নালায় পড়ে ইয়াসিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। রবিবার বিকেলে সাড়ে ৪টার দিকে উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, নালায় পড়ে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গেছে। উদ্ধার অভিযান চলছে।
নিখোঁজ শিশু আরাফাতের মা নাসরিন আক্তার বলেন, আমার ছেলে তিন চার বার নালার ওদিকে চলে গেছে। আমি ধরে ধরে এনেছি। দুপুরে দরজা খোলা পেয়ে কোন একসময়ে সে আবার চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না।
উল্লেখ্য, গত ৭ আগস্ট নগরের পাহাড়তলীর ইসলামিয়াহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
এর আগে, ২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি। সেদিনও অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমেছিল। এরপর ওই বছরই কয়েক মাসের ব্যবধানে একে একে খোলা নালায় আর খালে পড়ে প্রাণহানি ঘটে কলেজ ছাত্রী সাদিয়া, শিশু কামাল, সিএনজি চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগমের। খোলা নালা ও অরক্ষিত খালে পড়ে দুর্ঘটনা-হতাহতের ঘটনা এখনো স্মৃতিতে তাজা। তার ঠিক দুই বছর পর আবারও ঘটলো একই ঘটনার পুনরাবৃত্তি।


