প্রাইম ভিশন ডেস্ক »
উন্নত দেশগুলোর মতো চট্টগ্রামেও নামতে যাচ্ছে আধুনিক প্রযুক্তি স্কুল বাস। চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বন্দর নগরী চট্টগ্রামের রুটে চালু হতে যাচ্ছে এসব বাস।
এ লক্ষ্যে জেলা প্রশাসন ৭৮ আসন বিশিষ্ট ১০টি ডাবল ডেকার স্কুল বাসকে স্মার্ট বাসে রূপান্তরিত করার প্রকল্প নিয়েছে। ইতোমধ্যেই বাসগুলো শহরের পাঁচটি রুটে চলাচল করছে।
বাসগুলোকে আধুনিক প্রযুক্তি সম্বলিত করার জন্য একটি অ্যাপ বানানোর কাজও চলছে।
ওই অ্যাপে বাসে ওঠার পর শিক্ষার্থীর স্মার্ট কার্ডের সংকেতে চলা শুরু করবে বাসের চাকা। বার্তা যাবে অভিভাবকদের ডিভাইসে। যাতে লিখা থাকবে বাস ছাড়ার জায়গা ও সময়। শিক্ষার্থীরা বাস থেকে নামলে অভিভাবকদের ডিভাইসে আরো একটি বার্তা যাবে, যাতে লেখা থাকবে বাস থেকে নামার সময় ও অবস্থান।
এছাড়া অভিভাবকরা বাসে ইনস্টল করা আইপি ক্যামেরার মাধ্যমে তাদের সন্তানদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারেন। একইসাথে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাসের অবস্থান ট্র্যাক করতে পারেন।
নিজেদের কাছে থাকা স্মার্ট কার্ডের ছোঁয়াতেই এখন থেকে ভাড়া পরিশোধ করতে পারবে শিক্ষার্থীরা। বিকাশ বা নগদের মতো পরিচিত প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জযোগ্য এই স্মার্ট কার্ডগুলো।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “পাবলিক বাসে নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের একা স্কুলে পাঠান না। অভিভাবকরা তাদের ব্যস্ত রুটিনের মধ্য থেকে সময় বের করে সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার ও নিয়ে আসার কাজটা করে। এই কারণে অনেক কর্মজীবী মা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। স্মার্ট বাস চালু হলে অভিভাবকদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না। তারা আইপি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তাদের বাচ্চাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। ”


