প্রাইম ভিশন ডেস্ক »
কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে পেট্রোল পাম্প মালিকদের একাংশের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিপিসির আশ্বাসে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে বিপিসির পরিচালক (মার্কেটিং) অনুপম বড়ুয়া জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক–শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতে রাজি হয়েছেন। তাদের দাবি নিয়ে বিপিসি কাজ করছে।
এ বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান রতন গণমাধ্যমকে জানিয়েছেন, বিপিসির কার্যক্রমে জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশনের বিষয়ে অগ্রগতি থাকায় আশ্বস্ত হয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। তাই চলমান কর্মসূচি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক বিশেষ সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ।
যদিও ধর্মঘট আহ্বানকারীরা অ্যাসোসিয়েশনের কেউ না বলে দাবি করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। রোববার দুপুরে পদ্মা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধর্মঘট আহ্বানকারীরা সংগঠনের বহিষ্কৃত কিছু নেতা। ভিন্ন উদ্দেশ্যে তারা ধর্মঘট পালন করছে।


