প্রাইম ভিশন ডেস্ক »
পার্বত্যাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেএনএফের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম।
সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আন্তঃবাহিনী জন-সংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এসব তথ্য নিশ্চিত করেন।
তাৎক্ষণিকভাবে নিহত কেএনএফ সদস্যের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তথ্যমতে, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ম্যানেজার অপহরণ, রুমায় মসজিদে ও থানচি বাজারে হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুটের ঘটনায় পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফের) রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধে সাঁড়াশি অভিযানে চালাচ্ছে সেনাবাহিনী, র্যাব, আর্মড পুলিশসহ যৌথ বাহিনী।


