প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেড ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- এনএইচপি ফ্যাাশনে কর্মরত শ্রমিক খলিল ও স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেডের তামান্না।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, সকালে মোটরসাইকেলে করে দুজনই কারখানায় কাজে যাচ্ছিলেন। ৯টার দিতকে ইপিজেড ৫ নম্বর সড়কে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় খলিল ও তামান্না গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, সকালে ইপিজেড এলাকায় আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সাতকানিয়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার কেঁওচিয়ার পাঠানীপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, নগরীর শুলকবহর এলাকার কেশব চক্রবর্তীর ছেলে রিগেন চক্রবর্তী (৩৭) ও চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শান্তির বাজার এলাকার আহমদ নবীর ছেলে মো. রিয়াদ (২৬)। রিগেন গাজী গ্রুপে কাজ করতেন। রিয়াদ ছিলেন টাইলস মিস্ত্রি।
আহতরা হলেন অটোরিকশাচালক মোহাম্মদ বাহাদুর (২৬) ও প্রনয় কর্মকার (২০)।
স্থানীয়দের বরাতে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহউদ্দিন চৌধুরী জানান, কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাস সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। রিগেন ও রিয়াদ ঘটনাস্থলেই মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি সালাহউদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


