প্রাইম ভিশন ডেস্ক »
বাজারে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও দাম বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যে। এছাড়া অক্টোবরের তু্লনায় নভেম্বর মাসে মজুরির হার বেড়েছে। আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গত অক্টোবরে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৯১ শতাংশ থাকলেও তা দশমিক শূন্য ৬ কমে নভেম্বর হয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ হয়েছে। এই দুই মাসের তু্লনায় মূল্যস্ফীতির হার নিম্নমুখী।
তবে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার অক্টোবরে ৯ দশমিক ৫৮ থাকলেও নভেম্বরে এসে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। এদিকে মজুরি হার অক্টোবর মাসে ৬ দশমিক ৯১ থাকলেও তা দশমিক শূন্য ৭ বেড়ে হয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ।
মন্ত্রী বলেন, আমরা কয়েকমাস ধরে বলে আসছি মূল্যস্ফীতির হার কমবে। তা এখন কমতে শুরু করেছে। এই ইতিবাচক ফলাফল অবশ্যই সরকারের কৃতিত্ব। আমরা মনে করি পণ্যের দাম আরো কমবে। দুই-একটা অর্থনীতি ছাড়া সারাবিশ্বে দাম কমতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলেও বর্তমানে যেভাবে আছে এমন থাকলে আশা করি মূল্যস্ফীতির হার ধীরেধীরে অনেক কমে আসবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘এখন আমাদের মূল উদ্দেশ্য নিম্নবিত্তদের জন্য কাজ করা। অন্যরা চালিয়ে নিলেও এদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলছি না মূল্যস্ফীতি কমার কারণে তাদের আর কষ্ট হবে না। তবে কিছুটা হলেও তাদের কষ্ট কমবে এটাই স্বস্তির বিষয়।’


