Homeএই মুহুর্তেপাঠ্যপুস্তক নিয়ে ‘বিভ্রান্তি ছড়ালে’ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর

পাঠ্যপুস্তক নিয়ে ‘বিভ্রান্তি ছড়ালে’ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর

প্রাইম ভিশন ডেস্ক »

পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার দুপুরে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে চারটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছে। ১০/১১ বছর আগে পাঠ্যপুস্তকে কিছুটা ভুল-ভ্রান্তি ছিল, সেগুলো তখনই সংশোধন করা হয়েছে। এখন যে কথাগুলো বলা হচ্ছে, ১০/১১ বছর আগের কথাগুলোই বলছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘পাঠ্যপুস্তকে যদি কোনো ভুল-ত্রুটি থাকেও সেগুলো সংশোধনের জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি প্রয়োজনে আলেম-ওলামাদের সঙ্গে বসবে। বসে যদি কোনো ভুল-ত্রুটি চিহ্নিত হয়, তাহলে সেগুলো সংশোধন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘আসলে কোনো ইস্যু নেই তো, এজন্য এখন পাঠ্যপুস্তক নিয়ে লেগেছে। কোথায়, কোন পৃষ্ঠায় একটু বলুক না, ভুলটা কোথায় আছে? না পড়েই মতামত দেয়। সেজন্যই মির্জা ফখরুল ইসলামও সেটা নিয়ে বক্তব্য দিয়ে রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলব, পাঠ্যপুস্তকগুলো আগে পড়ার জন্য।’

ড. হাছান বলেন, ‘পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ানোর পেছনে কোচিং যারা করান এবং নোট বই ছাপায় তারাও যুক্ত হয়েছে। সবাই যুক্ত হয়ে সেটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরকম অব্যাহত বিভ্রান্তি ছড়ানো হয় এটা কখনো সমীচীন নয় এবং এভাবে যদি গুজব রটানোর মতো বিভ্রান্তি ছড়ানো হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নূরুল হুদা, পরিচালক শাহাদাত হোসেন নিপু, বই চারটির লেখক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়