Homeএই মুহুর্তেসৌদি যাওয়ার পথে বিমানবন্দরে আরসা নেতা গ্রেফতার

সৌদি যাওয়ার পথে বিমানবন্দরে আরসা নেতা গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অ্যালায়েন্সের (আরসা) আসাদুল্লাহ নামে এক নেতাকে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবের জেদ্দা যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার থ্যাংখালী শরণার্থী ক্যাম্পে বসবাস করেন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। নগর গোয়েন্দা পুলিশ শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার সময় আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই শেষে শনিবার তাকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। তার বিরুদ্ধে গত ৯ জানুয়ারি হত্যা মামলা করা হয়। তিনি পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। কীভাবে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।’

শাহ আমানত বিমানবন্দরে নিয়োজিত বিশেষ পুলিশ সুপার এ টি এম শাহীন আহমেদ বলেন, ‘একটি মামলার সূত্র ধরে আসাদুল্লাহ নামে এক ব্যক্তিকে বিদেশ যাওয়ার সময় আটকে দেয়। পরে তাকে সিএমপির গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সৌদি আরবের জেদ্দাগামী ফ্লাইটের (বিজি-১৩৫) যাত্রী হিসেবে আসাদুল্লাহ বোর্ডিং পাস সংগ্রহ করেছিলেন। ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগেই তাকে আমরা গ্রেফতার করি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়