প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর, সহকারী প্রক্টরসহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে ১৬ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা নিয়ে উপাচার্যের সঙ্গে দ্বন্দ্বের জেরে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
রোববার (১২ মার্চ) দুপুরে ১৬ শিক্ষক একযোগে চবির রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
জানা গেছে, প্রশাসিনক মোট ১৮টি পদের মধ্য থেকে দু’জন ছাড়া বাকি সবাই পদত্যাগ করেছেন। এদের মধ্যে আছেন- প্রক্টর ড. রবিউল ইসলাম ভূঁইয়া ও ছয় জন সহকারী প্রক্টর এবং বিভিন্ন প্রশাসনিক ইউনিটের ৯ জন পরিচালক।
তবে একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে উপাচার্য ড. শিরিন আক্তারের সঙ্গে এই শিক্ষকদের বিরোধ চলছিল, যাদের সবাই এই উপাচার্যের সময়কালেই প্রশাসনিক বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন। উপাচার্যের সিদ্ধান্তে আত্মীয়স্বজনের হস্তক্ষেপ, সিন্ডিকেট সদস্যের প্রভাব বিস্তারসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের দ্বিমত ছিল।


