চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। এ চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ধারণ ও লালন করতে হবে।
ব্যক্তিগত তহবিল থেকে একজন ‘কৃতজ্ঞ নাগরিকের’ দায়বদ্ধতা থেকে দুই শহীদ জুলাই যোদ্ধার পরিবারকে আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন।
রোববার (২ আগস্ট) এমপি সাঈদ আল নোমান শহীদ ওয়াসিম আকরামের বাবা ও শহীদ ফারুকের স্ত্রীর হাতে ১ লাখ ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা তুলে দেন।
এসময় তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম, ফারুক, ফজলে রাব্বি, ফরহাদ, হৃদয় চন্দ্র তরুয়া ও তানভীরের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ কেবল ইতিহাসের অংশ নয়, বরং আগামী প্রজন্মের জন্য দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের এক অনন্য প্রেরণা। তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।


