প্রাইম ভিশন ডেস্ক »
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর প্রায় ২০ কি.মি এলাকাজুড়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ৩০০০ মিটার ঘেরা জাল, ১ টি নৌকা ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযানটি শুরু হয় আজ ভোর ৫টা হতে। সকাল ৯ টা পর্যন্ত হালদার প্রায় ২০ কিলোমিটার এলাকা মনিটর করা হয়।
পুরো অভিযানে হালদা নদীর হাটহাজারীর অংশের উত্তর মাদার্শা, গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমান মর্দ্দন ও ধলই ইউনিয়ন থেকে মোট ৬ টি ঘেরাজাল জব্দ করা হয় যার আনুমানিক দৈর্ঘ্য ৩০০০ মিটার। এছাড়া রাউজান ও ফটিকছড়ি অংশ থেকেও জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি আটক করা হয়।
হালদায় আসন্ন প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে মৎস শিকারিরা দেশীয় নানাবিধ কৌশলে মাছ শিকার করার চেষ্টা করছে।
স্থানীয় ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের আলোকে ইউএনও শাহিদুলের নেতৃত্বে একটি টিম প্রায় ৫ ঘণ্টা অভিযান পরিচালনা করে। রাত ১১টার দিকে হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় অভিযান শুরু করে।
অভিযানে সহযোগিতা করেন গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, আইডিএফ মৎস কর্মকর্তা ফয়েজ রাব্বানী ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে মা মাছ সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেনু উৎপানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।


