প্রাইম ভিশন ডেস্ক »
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে তীব্র গরম। গত ২৯ মে সারা দেশে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। সেই সঙ্গে গত চার দিন ধরে রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বইছে তীব্র দাবদাহ। গত ৩১ মে সৈয়দপুরে শুরু হওয়া তীব্র দাবদাহ ছড়িয়েছে দিনাজপুর, রাজশাহী, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গায়। দেশের কোথাও নেই বৃষ্টির দেখা। মাঝে একবার হালকা বৃষ্টিপাত হয় খুলনা ও সিলেটে।
দুর্বিষহ হয়ে মানুষের চাওয়া একটু স্বস্তির বৃষ্টি। আর এমন পরিস্থিতে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, রবিবার (৩ জুন) দেশের ৪ বিভাগে বৃষ্টিপাত হতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয় : রবিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বইয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকার আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার দেশের দুই জেলায় হালকা বৃষ্টির দেখা পাওয়া যায়। এর মধ্যে সিলেটে ৩৭ ও শ্রীমঙ্গলে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাঙামাটিতেও বৃষ্টি হয়েছিল, তবে নির্ণয় করার মতো পরিমাণ ছিল না।


