প্রাইম ভিশন ডেস্ক »
চিরনিন্দ্রায় শায়িত হলেন সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ডা. মো. আফছারুল আমীন। শনিবার বাদে এশা দক্ষিণ কাট্টলীতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে দক্ষিণ কাট্টলী পি এইচ আমীন অ্যাকাডেমি স্কুল প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
তার আগে নগরের জমিয়াতুল ফালাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা ও ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিস প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে ১টার দিকে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মরদেহ বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়।

ডা. মো. আফছারুল আমীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ডা. মো. আফছারুল আমীনের ছোটভাই ডা. এরশাদুল আমীন ও ছেলে ফয়সাল আমীন।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য নোমাল আল মাহমুদ, এম লতিফ, দিদারুল আলম, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও নজরুল ইসলাম, নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,খোরশেদ আলম সুজন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ, চট্টগ্রাম জেলার অতিরিক্ত সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ জানাজায় অংশ নেন।
শুক্রবার (২ জুন) বিকেল চারটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. আফছারুল আমীন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।


