Homeএই মুহুর্তেকবি রাধাপদ সরকারের ওপর হামলা

কবি রাধাপদ সরকারের ওপর হামলা

প্রাইম ভিশন ডেস্ক »

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জের ধরে রাথাপদ সরকার (৮০) নামের এক স্বভাবকবি খ্যাত পল্লীকবির ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ঘটনায় রাধাপদ সরকারের ছেলে শ্রী জুগল রায় অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন।

রবিবার (০১ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। পল্লীকবি রাধাপদ সরকার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা। তার নিজ এলাকায় এ মামলার ঘটনা ঘটে।

এজাহার সুত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে পথরোধ করে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পল্লীকবি রাধাপদ সরকারের ওপর আক্রমণ চালায় মো. রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলী দুই ছেলে।

রাধাপদ সরকারের ছেলে জুগল রায় বলেন, পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালায় রফিকুল ইসলাম ও কদুর আলী। পরে বাবাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমার বৃদ্ধ বাবাকে তারা যেভাবে মেরেছে, তা বলে বোঝানো যাবে না। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।

ওসি আশিকুর রহমান বলেন, খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছি। মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, রাধাপদ সরকার জীবনে বেশি পড়ালেখা করতে পারেননি। পড়েছেন মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তার লেখা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ পর্যন্ত রাধাপদ সরকারের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়