Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেরাত পোহালেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা

রাত পোহালেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা

প্রাইম ভিশন ডেস্ক »

রাত পোহালেই বেজে উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দামামা। এ নিয়ে চতুর্থবারের মতো উপমহাদেশে বসতে যাচ্ছে বিশ্বকাপের আসর। তবে এবারই প্রথম ভারত এককভাবে আয়োজকের দায়িত্ব পেয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টের।

সর্বপ্রথম ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান, ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলংকা ও ২০১১ সালে সর্বশেষ ভারত-শ্রীলংকা ও বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে সফল হয়েছিল। উপমহাদেশে বিশ্বকাপের মতো বড় আসর মানেই বাড়তি উন্মাদনা। এর আগের তিন আসরই প্রমাণ করেছে এখানকার সমর্থকরা কী পরিমাণ ক্রিকেটপ্রেমী।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। যেখানে সেরা আট দল বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। আর বাছাইপর্ব পেরিয়ে ভারত বিশ্বকাপের টিকিট কেটেছে দুই দল। আগামী ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে ৪৪ দিনব্যাপী ৪৮ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

এবারের ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটি দলই বিশ্বকাপে অংশ নেয়া দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা ৪ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

আগামী ১৪ অক্টোবর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। এরই মধ্যে হাইভোল্টেজ ম্যাচগুলোর টিকিট বিক্রিও প্রায় শেষ।

এবারের আসরই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের জন্য। ৩৬ বছর বয়সী সাকিব ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ-সেঞ্চুরিসহ ৭ হাজারেরও উপর রান করেছেন, বল হাতে উইকেট দখল করেছেন ৩০৮টি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের ভালো ফলাফল করা অনেকাংশে নির্ভর করবে সাকিবের অধিনায়কত্বের ওপর।

শীর্ষ সারির দলগুলোর বাইরে বাছাইপর্ব থেকে উঠে একমাত্র দল হিসেবে এবার বিশ্বকাপে মাঠে নামবে নেদারল্যান্ডস। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে বিদায় করে দিয়ে ভারতের টিকিট নিশ্চিত করা ডাচদেরকে কিছুটা হলেও সমীহ করতে হবে প্রতিপক্ষ দলগুলোকে।

এদিকে উদ্বোধনী দিনের ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে আহমেদাবাদে। আর খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়