প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশের সাবেক এই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই আজ শনিবার ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ।
বিশ্বকাপ দলে জায়গা না হলেও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন, মাঠের রেকর্ড কিংবা গ্যালারিতে সমর্থকদের প্ল্যাকার্ডে ঠিকই আছেন তামিম ইকবাল।
গতকাল শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়, ‘তামিম না থাকায় আফগান পেসার ফজলহক ফারুকির বিপক্ষে বাংলাদেশ স্বস্তিতে থাকবে কি না?’ জবাবে কিছুটা উষ্মা প্রকাশ করেন বাংলাদেশ কোচ। পরে আফগানিস্তানের সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে তামিম প্রসঙ্গ।
আজ যে মাঠে আফগানদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ, এই মাঠে অনবদ্য একটি কীর্তি গড়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটাররা একটি মাত্র সেঞ্চুরি করেছে এখন পর্যন্ত। ২০১৬ সালে এই ধর্মশালায় ওমানের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা এই ওপেনার।
ধর্মশালার যে রেকর্ডবুক রয়েছে, সেখানে যে কজন ভাগ্যবান ক্রিকেটারের নাম লেখা রয়েছে, তার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল একজন। এই মাঠে যে কজন ব্যাটার ব্যাট হাতে তিন অংকের ঘর ছুঁয়েছিলেন তার মধ্যে তামিমও রয়েছেন।
বাংলাদেশের সাবেক অধিনায়ককে মনে রেখেছে ধর্মশালায় খেলা দেখতে আসা লাল-সবুজের সমর্থকরা। গ্যালারি যেন ছেয়ে গেছে ‘আমরা তোমাকে কখনো ভুলবো না’ লেখা তামিমের ছবি সম্বলিত পেস্টুনে।


