Homeএই মুহুর্তেচট্টগ্রামে দুই বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে দুই বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতা মামলার আসামি দুই বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বুধবার নগরের পতেঙ্গা, চান্দগাঁও ও চকবাজার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হাটহাজারী উপজেলার মাইজপাড়া এলাকার ছালেহ আহমদের ছেলে আব্দুস শুক্কুর, নগরের চান্দগাঁও থানা এলাকার মজু মিয়ার ছেলে মোহাম্মদ মোরশেদ ও সীতাকুণ্ড পৌরশহরের মধ্যম ইয়াকুব নগর এলাকার আবুল বাশারের ছেলে আলী আকবর। এরমধ্যে আব্দুস শুক্কুর হাটহাজারী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মোরশেদ চান্দগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

র‍্যাব জানায়, গত ২৯ অক্টোবর রাতে চট্টগ্রাম-খাগড়াছডি মহাসড়কে যান চলাচলে বাধা, ককটেল বিস্ফোরণসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ড চালান হাটহাজারী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুস শুক্কুর এবং তার সহযোগীরা। এ সময় বাড়ি ফেরার পথে পৌর এলাকায় জিসান চৌধুরী নামে একজনকে এলোপাতাড়ি মারধর করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যান।

এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেন ভুক্তভোগী জিসান চৌধুরী। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে র‍্যাব। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় নগরের পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস শুক্কুরকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, শনিবার রাত ৮টার দিকে নগরের চান্দগাঁও থানার পানামা প্লাজার সামনে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান দুষ্কৃতিকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে ঐ ঘটনায় হওয়া মামলার সন্ধিগ্ধ আসামি মোহাম্মদ মোরশেদ চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে র‍্যাব। এরপর বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেন তিনি।

এছাড়া দীর্ঘ আট বছর ধরে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিলেন সীতাকুণ্ড থানার বিষ্ফোরক আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি আলী আকবর। গোপন সংবাদের ভিত্তিতে নগরের চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুস শুক্কুরের বিরুদ্ধে হাটহাজারী থানায় নাশকতা, অস্ত্র, ডাকাতি, সরকারি সম্পত্তির ক্ষতি সাধনসহ বিভিন্ন অভিযোগে ১০টি এবং মোরশেদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়