প্রাইম ভিশন ডেস্ক »
আয়কর, ভ্যাট ও কাস্টমস ডিউটিতে সরকার যে কর-ছাড় দিচ্ছে, তা আগামী ২০২৭-২৮ অর্থবছরের বাজেট থেকেই পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
এছাড়া আমদানি পর্যায়ে থাকা সম্পূরক শুল্ক কমানোর জন্যও চাপ দিচ্ছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক ও বসন্তকালীন সভায় এ বিষয়ে চাপ দেওয়া হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “চলমান সভায় আইএমএফ সব ধরনের ট্যাক্স এক্সপেনডিচার তুলে দিতে বলেছে।”
এছাড়া ওয়াশিংটনে অবস্থান করা একজন প্রতিনিধিও নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে টিবিএসকে বলেন, “আগামী বাজেটে ব্যাপকভাবে কর-ছাড় তুলে নিতে বলছে আইএমএফ।”
আইএমএফের বোর্ড সভায় অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের আরও এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে জানান, জ্বালানি আমদানির চাহিদা মেটাতে আইএমএফের কাছে যে অতিরিক্ত বাজেট সহায়তা চাওয়া হয়েছে, সে বিষয়ে সংস্থাটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
তবে নতুন এই ঋণের পরিমাণ এবং শর্ত এখনো চূড়ান্ত হয়নি।
তিনি জানান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। বৈঠকে নতুন ঋণ পাওয়ার পাশাপাশি চলমান ঋণ কর্মসূচির আওতায় বকেয়া কিস্তিসহ প্রায় ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার জুনের মধ্যে ছাড় করার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “সেখানে আইএমএফ মূল ঋণচুক্তির দুটি শর্ত বাস্তবায়নের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে। শর্ত দুটি হলো—সব ধরনের কর-ছাড় সুবিধা বাতিল করে ট্যারিফ যৌক্তিকীকরণ এবং গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করে নিম্ন আয়ের মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা। এই দুটি শর্ত বাস্তবায়ন করলে চলতি অর্থবছরের মধ্যেই ঋণ ছাড় করবে সংস্থাটি।”
ওই কর্মকর্তা আরও জানান, আইএমএফ বাংলাদেশের বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করার কথা বলেছে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সংস্থাটিকে জানিয়েছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ধীরে ধীরে শতভাগ বাজারভিত্তিক বিনিময় হার নিশ্চিত করা হবে।
গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই সভা ১৮ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। সভায় অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের পাশাপাশি এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানও উপস্থিত রয়েছেন।


