প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম জেলার ১৭টি থানার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।
জেলা পুলিশ সূত্র জানায়, জনগণের হারানো সম্পদ উদ্ধারে এবং জনমুখী পুলিশি সেবা আরও কার্যকর করতে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালায়। এ কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১৭টি থানায় মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়।
পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত নিবিড় অনুসন্ধানের মাধ্যমে ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
এসময় পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের হারানো সম্পদ উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
চট্টগ্রাম জেলা পুলিশ আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করছে। হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার এ সাফল্য জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা, হারানো সম্পদ উদ্ধার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।


