Homeএই মুহুর্তেশেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের আবেদন ‘পর্যালোচনা’ করছে ভারত

শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের আবেদন ‘পর্যালোচনা’ করছে ভারত

প্রাইম ভিশন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা আবেদন ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারত সরকার।

কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের সভাপতিত্বে গঠিত পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির কাছে জমা দেওয়া সরকারের ‘অ্যাকশন টেকেন’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতীয় পার্লামেন্টে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধটি ‘প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে’ বলে সরকার কমিটিকে জানিয়েছে।

ভারতীয় সংসদীয় কমিটি জানায়, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ যে প্রত্যর্পণের আবেদন করেছে, তা তারা নোট নিয়েছে। একই সঙ্গে বিষয়টি বিবেচনার অগ্রগতি সম্পর্কে সরকারকে নিয়মিত অবহিত করার জন্য কমিটিকে আহ্বান জানিয়েছে।

কমিটি আরও উল্লেখ করেছে, শেখ হাসিনার ভারতে অবস্থান দেশটির সভ্যতাগত মূল্যবোধ এবং সংকটাপন্ন বা অস্তিত্বগত হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মানবিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার কমিটিকে স্পষ্ট করেছে যে, শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজনৈতিক মঞ্চ বা সুযোগ দেওয়া হয়নি।

এছাড়া ভারত এখনো সেই নীতিতেই অটল রয়েছে যে, তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

কমিটি সুপারিশ করেছে, এ ধরনের পরিস্থিতিতে ভারতের মূল্যবোধ ও আন্তর্জাতিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংবেদনশীলতা বজায় রেখে সরকার যেন তার নীতিনিষ্ঠ ও মানবিক অবস্থান অব্যাহত রাখে।

ভারত সরকার কমিটিকে জানিয়েছে, ‘সুপারিশটি বাস্তবায়নের জন্য নোট করা হয়েছে।’

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনের পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপসংবলিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়