প্রাইম ভিশন ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ার ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে স্কুলের অফিস সহকারী মো. জলিলুর রহমানকে। কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম মিরন ও প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সই করা অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
তাতে বলা আছে, জলিলুর বিরুদ্ধে ‘অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও গত ২৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা ও কর্মক্ষেত্রের শৃঙ্খলা ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।’
স্কুলের গঠন করা কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জলিলুরকে বরখাস্ত করা হয়েছে- উল্লেখ আছে আদেশে।
এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী জলিলুরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর জানিয়েছেন, ‘অফিস সহকারী জলিলুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি। অভিযোগের পর বিষয়টি তদন্ত করা হয়েছে। বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্তের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”


