প্রাইম ভিশন ডেস্ক »
অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউব খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় ডিসেম্বরের মধ্যে টানেলের দ্বিতীয় টিউবটি খুলে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
এর আগে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টানেলের কাজ খুব সহজেই বাস্তবায়ন করা গেছে। এতো বড় একটা প্রজেক্ট নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন হচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য। টানেলটা বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে।
জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। আমাদের দেশে এ প্র্যাকটিসটা নেই। সরকার এখনো জ্বালানির দাম বাড়ার ঘোষণা দেয়নি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এভাবে আর সাপ্লাই চ্যানেল বন্ধ হয়নি। স্বাভাবিকভাবে সবার ওপর একটা প্রভাব পড়বে। এটা আমাদের সবাইকে মিলেই মোকাবিলা করতে হবে। এসব বিষয় নিয়ে আজ আলোচনা করেছি।


