প্রাইম ভিশন ডেস্ক »
দেখতে দেখতে শেষের পথে এবারের বিশ্বকাপের আসর। এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। প্রায় ১ মাসের লড়াইয়ে ৩২ দল থেকে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। আগামী রোববার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুই দল।
ফাইনালের মহারণের প্রস্তুতি নিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুশীলন করে আর্জেন্টিনা দল। কিন্তু কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না লিওনেল মেসি। এতে ফ্রান্স ম্যাচের আগে হঠাৎ উদ্বেগ বাড়তে শুরু করেছে। অবশ্য এদিন অনুশীলন করেননি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে খেলা অধিকাংশ ফুটবলার। তবে লিওনেল স্কালোনির অনুশীলনে ছিলেন সার্জিও আগুয়েরো। এক সময়ের সতীর্থদের সঙ্গে অনুশীলনে কিছুটা সময় কাটান তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে দলের জয়ের পর মাঠে নেমে এসেছিলেন আগুয়েরো।
মেসি অনুশীলনে না থাকায় উঁকি দিতে থাকে নানা প্রশ্ন। ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ায় অনুশীলনে নামেননি তিনি। ফাইনালের ৪৮ ঘণ্টা আগে দলের প্রধান স্ট্রাইকারের এই খবরে কিছুটা চিন্তিত আর্জেন্টিনা শিবির।
আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের দাবি, মেসি সম্পূর্ণ সুস্থই রয়েছেন। টানা ম্যাচ খেলে যেহেতু ক্লান্ত, তাই মাঠে নামেননি অনুশীলন করতে। কাতার বিশ্ববিদ্যালয়ের জিমেই ফ্রান্স ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন তিনি।


