প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশে পরিচালিত ইন্ডাস্ট্রিগুলোর প্রয়োজন দক্ষ কর্মীর, আর এ চাহিদা মেটাতে পারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তাই, ইন্ডাস্ট্রির সাথে একাডেমির সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রির নীতি-নির্ধারকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান-বিনিময়ের মাধ্যমে নিজেদের উন্নয়ন ও চাহিদা মেটাতে পারে। ইন্ডাস্ট্রির সাথে একাডেমির এ সম্পর্ক নিবিড় ও একই সাথে তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি আয়োজন করেছিলো প্লেসমেন্ট ডে’র।
যুক্তরাজ্যের বেনগর ইউনিভার্সিটি ও এএইচজেড এসোসিয়েটস লিমিটেডের সহযোগিতায় ৩-৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় একাডেমি-ইন্ডাস্ট্রি-চাকরিপ্রত্যাশিদের মিলনমেলা। এতে অংশ নেওয়া ৪০ চাকরিদাতা প্রতিষ্ঠানে সিভি জমা পড়ছে সাড়ে চার হাজার। এদের মধ্যে চৌদ্দটি প্রতিষ্ঠান স্পট ইন্টারভিউ ও লিখিত পরীক্ষা নিয়েছে প্রায় সাত’শ চাকরিপ্রত্যাশীর। এসব প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা গেছে, প্রায় দু’শতাধিক চাকরি হতে যাচ্ছে দু’দিনের এ চাকরিমেলায়।
এ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান ছিলো প্রথম আলো, বিএসআরএম, এলিট পেইন্ট, গ্রুপ নটিকা, টিসিএল গ্লোবাল; ট্রান্সপোর্টেশন পার্টনার হিসেবে যাত্রী; জেনারেল পার্টনার ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ; ব্রোঞ্জ পার্টনার ট্যালেন্ট ম্যানেজমেন্ট; মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্টান্ডার্ড, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম, চ্যানেল ২৪ ও সময়টিভি; ফুড পার্টনার ছিলো ক্যাফে মিলানো ও লে বেকহাউজ।
এতে যোগদানকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো দারাজ, পিটুপি, সফট টেক ইনোভেশন, সবুজ গ্লোবাল এডুকেশন, ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড, কেনপার্ক এন্ড রিজেন্সি, সিপিডিএল, লিড বাংলাদেশ, ক্রিয়েটিভ আইটি, এভারকেয়ার হসপিটাল, কেএসআরএম, এমজিএইচ, টিচ ফর বাংলাদেশ, হাইডেলবার্গ সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, আইডিপি এডুকেশন, মমতা, গ্রামীণফোন, প্যাসিফিক জিন্স, রবি, র্যাংকস এফসি প্রপার্টিজ, এপিক হেলথকেয়ার, জাগো ফাউন্ডেশন, ম্যারিকো, ওয়ালটন ও গ্লোবাল হাইটস এন্ড মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ।
মেলায় প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পদে নিয়োগ দিতে সিভি গ্রহণ করেছে আগতদের থেকে। এছাড়া, দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোতে চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য, সুযোগ-সুবিধাসমূহ এবং ইন্টার্নশিপের বিষয়েও জানতে পেরেছে।
এছাড়া, ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। এতে দেশের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত পেশাজীবীরা তরুণদের উন্নয়নে পরামর্শমূলক আলোচনা করছেন। বিখ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান নাভিদ মাহবুবের সরস সঞ্চালনায় এতে আগত অতিথিরা বাংলাদেশের চাকরিবাজার ও কর্মপরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এতে আলোচক হিসেবে ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, জিপিএইচ ইস্পাতের চিফ পিউপল অফিসার শারমিন সুলতানা, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান, ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তাওহিদুর রহমান রাদ, ইডিইউর অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. নাজিম উদ্দিন, হাইডেলবার্গ সিমেন্টের হেড অব এইচআর মো. আলমগীর, রবি আজিয়াটার চিফ হিউম্যান রিসোর্স অফিসার ফয়সাল ইমতিয়াজ খান, গ্রামীণফোনের ট্যালেন্ট এন্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং এক্সপার্ট হাবিব গাজী, ওয়ার্ক স্মার্ট কনসালটিংয়ের লিড কনসালটেন্ট ইসতিয়াক আহমেদ তাহের, এভারকেয়ার হসপিটালের সিনিয়র এইচআর ডিরেক্টর কায়সার চৌধুরী, ইডিইউর কনফিডেন্স গ্রুপের ডিরেক্টর এইচআর তরিকুল ইসলাম এবং গ্রুপ নটিকার ম্যানেজিং ডিরেক্টর তাওফিক ওমর হাসান।
তারা বাংলাদেশের ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ও একাডেমির সাথে ইন্ডাস্ট্রির সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে শিক্ষার্থীদের গড়ে তোলা প্রয়োজন সে বিষয়েও গুরুত্বপূর্ণ মতামত দেন।
এর আগে, এই প্লেসমেন্ট ডে’র উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ সময় তিনি বলেন, কেবল নামে নয়, কর্মগুণে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হয়ে উঠছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। বাংলাদেশে কর্মরত সকল বড় প্রতিষ্ঠানকে এক মঞ্চে এনে নিজেদের শিক্ষার্থীরা ছাড়াও চট্টগ্রামের সকল চাকরিপ্রত্যাশীদের সুযোগ করে দেওয়া এরই দৃষ্টান্ত। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণাকালে আমার প্রস্তাবিত ১৭ দফার একটি ছিলো এ অঞ্চলে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। সে অভাব পূরণে সর্বতোভাবে সচেষ্ট ইডিইউ।
ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএসআরএম এর ম্যানেজিং ডিরেক্টর আমির আলী হুসেইন ও জুনকস কনসাল্টিংয়ের সহপ্রতিষ্ঠাতা মতিউল ইসলাম নওশাদ। প্রধান বক্তা ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।


