প্রাইম ভিশন ডেস্ক »
শরীরকে সুস্থ ও ফিট রাখতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক কর্মব্যস্ত জীবনে ঘুমের ঘাটতি লেগেই থাকে। আর এতেই বাড়ে বিপদের ঝুঁকি। কম ঘুম হৃদরোগের আশঙ্কা বাড়িয়ে তোলে, তেমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের করা একটি গবেষণাপত্র সে তথ্যই দিচ্ছে।
গবেষণায় উঠে আসে কম ঘুম হলে রক্ত চলাচলে বাধা পায়। তবে অল্প কিছুদিনের ঘুমের ঘাটতিতে এই পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়। দীর্ঘ দিন ধরে এমন রুটিন চলতে থাকলে রক্ত জমাট বাঁধতে শুরু করে। সেই অবস্থাকে চিকিৎসা পরিভাষায় বলা হয়, ‘এথেরোস্কেলেরেসিস’। ধমনীতে রক্ত প্রবাহে বাধা পাওয়া মানেই হৃদ্যন্ত্রের সমস্যা তৈরি হতে শুরু হওয়া। এথেরোস্কেলেরেসিস পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে রক্তনালির দেওয়াল ঘন এবং পুরু হয়ে যায়। রক্তপ্রবাহ স্বাভাবিক গতি হারায়। শরীরের বাকি অংশে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। আর তাতেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
২০১০ থেকে ২০১৩ এই তিন বছরে ৬৯ বছর বয়সি দুই হাজার জন হৃদরোগে আক্রান্ত হয়েছেন শুধুমাত্র কম ঘুমের কারণে। এই তালিকাভুক্ত প্রত্যেকেই সারা দিনে ৩-৪ ঘণ্টার বেশি ঘুমোতেন না। অনেক দিন ধরে এই অভ্যাসের ফলে হৃদযন্ত্রে সরাসরি প্রভাব পড়েছে। বয়স বাড়তেই মাথাচাড়া দিয়ে উঠেছে সমস্যা। ২০২০ সালে ‘আমেরিকান কলেজ অফ কার্ডিয়োলজি’ এর করা একটি গবেষণাও একই তথ্য জানাচ্ছে। জীবনে কাজ বা ব্যস্ততা থাকবেই কিন্তু তাই বলে শরীরের প্রতি অবহেলা করা চলবে না। ‘সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ অনুসারে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে এক জন প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত ৭ ঘণ্টা ঘুমোনো অবশ্যই জরুরি বলে জানাচ্ছেন চিকিৎসকরা।


