প্রাইম ভিশন ডেস্ক »
এক মাসের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে শাকিব খান নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন। শুরুতেই সিনেমাটির বহির্বিশ্বের সফলতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘ এই দিনটির অপেক্ষায় আমি ছিলাম। যেই দিনটি ‘প্রিয়তমা’ সিনেমা আমাকে দিয়েছে। আমি চেয়েছিলাম বাংলা সিনেমা একদিন হলিউড বলিউডের সঙ্গে টেক্কা দেক।
আমেরিকায় ‘প্রিয়তমা’ সেই টেক্কা টাই দিয়েছে। আমেরিকার বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘বার্বি’, ‘মিশন ইম্পসিবল : ডেড রেকনিং পার্ট ওয়ান’ সিনেমার সঙ্গে আমাদের ‘প্রিয়তমা’ সিনেমাও দর্শক টেনেছে। যা দেশের সিনেমার জন্য গর্বের। আমার ক্যারিয়ারে ‘প্রিয়তমা’ মাইলফলক হয়ে থাকবে। আমি বলতে পারব এমন একটি সিনেমায় আমি অভিনয় করেছিলাম। যা শুধু আমেরিকা নয় ইউরোপের বিভিন্ন দেশে সুপারহিট হয়েছে।’ এ সময় শাকিব নিজের দুই সন্তান নিয়েও কথা বলেন।
তিনি বলেন, ‘আমি আমার দুই সন্তানকে নিয়ে সুন্দর জীবন কাটাতে চাই। আমেরিকায় আপনারা দেখেছেন আমি জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছি। ওকে সুন্দর কিছু স্মৃতি উপহার দিতে চেষ্টা করেছি। এবার শেহজাদকেও এমন স্মৃতি উপহার দিতে চাই।
ওকে নিয়েও আমেরিকায় ঘুরতে যাব।’ তবে শেহজাদের সঙ্গে তার মা অভিনেত্রী বুবলী থাকবেন কি না এ বিষয়ে শাকিব কিছু পরিষ্কার বলেননি। তবে শেহজাদ বয়সে ছোট হওয়ায় তার মা সঙ্গে থাকবে সে বিষয়ে ইঙ্গিত দেন এই অভিনেতা।
গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষে দেশটিতে উড়াল দেন শাকিব। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ নায়ক।


