প্রাইম ভিশন ডেস্ক »
ক’দিন আগেই কানাডার গ্লোবাল টি-২০ লিগ খেলে দেশে ফিরেছিলেন লিটন দাস। বিশ্রাম শেষে টাইগারদের স্কিল ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে এরই মধ্যে লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে দেশ ছাড়লেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
এলপিএলের চলতি আসরে গল টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন লিটন। সেই লক্ষ্যে শনিবার (১২ আগস্ট) দুপুরে শ্রীলংকার উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগারদের টি-২০ দলের সহ-অধিনায়ক।
এদিন সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন নিজেই। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, কলম্বোর পথে।
এবারের আসরের শুরু থেকেই গল টাইটান্সের হয়ে খেলছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার দল গলের হয়েই খেলবেন লিটন। এছাড়া একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে সাকিব প্রতিটি ম্যাচে মাঠে নামলেও এখনও অভিষেক হয়নি মিঠুনের।
এর আগে ৩০ জুলাই থেকে শুরু হয়েছে এবারের এলপিএলের আসর। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। যে কারণে এশিয়া কাপের প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরীফুলকে পাচ্ছে না বাংলাদেশ দল। এলপিএল শেষেই তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।


