প্রাইম ভিশন ডেস্ক »
এক বছর ধরে মরণব্যাধী ক্যানসারের সাথে লড়াই করছেন সংগীত শিল্পী সিঁথি সাহা। এর মধ্যেই তিনি কন্যা সন্তানের মা হলেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সুদূর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কন্যার নাম রেখেছেন সামারা জয়ী।
সন্তান জন্মের বিষয়টি আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) প্রকাশ্যে আনেন সিঁথি। জানিয়েছেন, টানা ১৪ দিন হাসপাতালে থাকার পর আজ মা-মেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
নিউজিল্যান্ড থেকে সিঁথি বলেন, আমার মেয়ে নির্দিষ্ট সময়ের একমাস আগেই পৃথিবীতে এসেছে। স্বস্তির বিষয় আমরা দুজনেই এখন সুস্থ আছি। বাসায় ফিরেছি। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।
বৈবাহিক সূত্রে অনেক বছর আগে থেকেই নিউজিল্যান্ডের পাসপোর্টধারী সিঁথি। নবজাতক ইস্যুতে নিউজিল্যান্ডের উন্নত সেবা ও সুবিধা নিতেই ঢাকা থেকে গত আগস্টে দেশটিতে উড়াল দেন সিঁথি।
এই সংগীতশিল্পী বলেন, গত বছর (২০২২) একটি খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি নিশ্চিত হই, আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। চিকিৎসা চলছিল। কিন্তু বার বার মনে হতে লাগল, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব রেখে যেতে যাই এই সুন্দর পৃথিবীতে। মূলত সেই সিদ্ধান্ত থেকেই কনসিভ করা।
তিনি আরও বলেন,যেহেতু আমার শরীর ভালো ছিলো না, কঠিন চিকিৎসারে মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলোয় চোখ মেলাতে পারবো কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দিহান ছিলাম। অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আর কিছুই চাওয়ার নেই, হারাবারও নেই। আমাদের জন্য দোয়া করবেন সবাই।
গায়িকা জানান, নভেম্বরেই কন্যাকে নিয়ে দেশে ফিরছেন। ডিসেম্বরের মধ্যে গানেও নিয়মিত হবেন। করবেন টিভি সঞ্চালনাও। যদি শরীর সায় দেয়।


