প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইমাম হোসেন (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ তে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন ক্যাম্প-১ ইস্ট এর জি/১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


